সরকারি বা বেসরকারি যে কোনোভাবেই চাল আমদানি বন্ধ করতে বলেছে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এছাড়া সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে মন্ত্রণালয়কে সরাসরি কৃষকদের কাছ থেকে বেশি ধান কেনার ব্যবস্থা করার জন্য কমিটি সুপারিশ করেছে। গতকাল সোমবার সংসদ ভবনে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, দেড় লাখ টন ধান কেনার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তার চেয়ে যেন বেশি ক্রয় এবং ভর্তুকি দিয়ে হলেও চাল রপ্তানি করার সুপারিশ করা হয়েছে। কমিটি সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার জন্য বলেছে। ২০১৭-২০১৮ সালে বেসরকারিভাবে ২৮ লক্ষ মেট্রিক টন চাল কেন আমদানি করা হয়েছে, সে ব্যাপারে প্রতিবেদন দিতে খাদ্য সচিবকে বলা হয়েছে। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, সারাদেশে ৫ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার ২০০টি ‘প্যাডি সাইলো’ নির্মাণ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। প্যাডি সাইলো নির্মাণ করা হলে কৃষক সেখানে নিজের ধান শুকিয়ে বিক্রি করতে পারবে। আগামী এক মাসের মধ্যে এ প্রকল্পের জন্য ডিপিপি প্রণয়ন করা হবে বলেও জানান তিনি।
