আওয়ামী লীগ নেতাদের আশ্বাসে বঞ্চিতদের আন্দোলন স্থগিত

আপডেট : ২১ মে ২০১৯, ০০:৩৩

ছাত্রলীগের সদ্যঘোষিত ‘বিতর্কিত’ কমিটির জেরে দুই দফা হামলার শিকার হওয়া পদবঞ্চিতরা আওয়ামী লীগের চার জ্যেষ্ঠ নেতার আশ্বাসে ২২ ঘণ্টা পর আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে। গত রবিবার দিবাগত রাত দুইটায় তারা আন্দোলন স্থগিত করে। এদিকে বিভিন্ন ঘটনায় নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

কর্মসূচি স্থগিতের বিষয়ে আন্দোলনকারীদের মুখপাত্র সাঈফ বাবু ইত্তেফাককে বলেন, আমাদের দাবি মানার আশ্বাসের ভিত্তিতে আমরা আন্দোলন স্থগিত করেছি। আমাদের দাবি ছিল, বিতর্কিতদের কমিটি থেকে বাদ দিয়ে যোগ্যদের স্থান দিতে হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের সাক্ষাত্ করিয়ে দিতে হবে। এছাড়াও দুটি হামলার ঘটনায় অভিযুক্তদের বিচার নিশ্চিত করতে হবে। এর আগে পদবঞ্চিতদের একটি প্রতিনিধি দল আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের জ্যেষ্ঠ চার নেতার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, বাহাউদ্দিন নাছিম ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাওসার। আন্দোলনকারীদের পক্ষে বৈঠকে ছিলেন ছাত্রলীগের গত কমিটির প্রচার সম্পাদক সাঈফ বাবু, রোকেয়া হলের সভাপতি বিএম লিপি আক্তার, কবি জসীমউদ্দীন হলের সাধারণ সম্পাদক শাহেদ খান, ডাকসুর সদস্য তিলোত্তমা সিকদার, বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের সাধারণ সম্পাদক ফরিদা পারভীন, শামসুননাহার হলের সভাপতি নিপু ইসলাম তন্বী ও বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের সভাপতি শ্রাবণী শায়লা। বৈঠক শেষে রাজু ভাস্কর্যে এসে আওয়ামী লীগের প্রতিনিধি মোল্লা কাউছারের নেতৃত্বে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান।

এসময় ছাত্রলীগ সভাপতি পদবঞ্চিতদের উদ্দেশে বলেন, পদের লোভ না করে দল ও দেশের জন্য কাজ করতে হবে। ছাত্রলীগ কোনো স্থায়ী জিনিস না, একটা চলমান প্রক্রিয়া। ছাত্রলীগ করতে না পারলে যুবলীগ বা আওয়ামী লীগ করবেন। সবার প্রতি অনুরোধ, কাদা ছোড়াছুড়িটা আর না করি, ছাত্রলীগের সুনামটা আর নষ্ট না করি।

ছাত্রলীগের নতুন কমিটির ১০ মাস পর গত সপ্তাহে ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়? পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করতে গেলে সংগঠনের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা তাদের ওপর হামলা চালায়? হামলায় কয়েকজন নারী নেত্রীসহ ১৫ জন আহত হয়।