৫০ জন অবহেলিত ও আশ্রয়হীন বৃদ্ধ নরনারীর বসবাসের সুযোগ রেখে নগরীর দেওয়ানহাট এলাকায় আফিয়া খাতুন প্রবীণ নিবাসের যাত্রা শুরু হয়েছে। গত শনিবার মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অর্থায়নে নগরীতে প্রথম নির্মিত এই প্রবীণ নিবাসের উদ্বোধন করেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনজুর আলম। মেয়রের প্রয়াত নানী আফিয়া খাতুনের নামানুসারে প্রবীণ নিবাসের নামকরণ করা হয়েছে। উক্ত নিবাসে পুরুষ ও নারীদের পৃথকভাবে থাকার পাশাপাশি তাদের ভরণপোষণ, পোশাক-পরিচ্ছদ, চিকিত্সা ও পরিচর্যাসহ সবধরনের সেবামূলক কার্যক্রমের ব্যবস্থা মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন বহন করবে। প্রায় ১১০০ বর্গফুট জায়গার ওপর নির্মিত ৫ তলা ভবনে একটি ফোরকানিয়া মাদ্রাসাও চালু করা হয়েছে।
