প্রতিহিংসা চরিতার্থে খালেদা জিয়াকে মৃত্যুর ঝুঁকিতে রাখা হয়েছে : রিজভী

আপডেট : ২১ মে ২০১৯, ০০:৩৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শুধুমাত্র প্রতিহিংসা ও জিঘাংসা চরিতার্থ করার জন্য বর্তমান অবৈধ সরকার বেগম খালেদা জিয়াকে জেলে বন্দি রেখেছে। সরকার ঘোষণা দিয়েই তাকে আজীবন জেলে রাখার প্রতিজ্ঞা বাস্তবায়ন করছে, যা বাংলাদেশের প্রতিটি মানুষ জেনে গেছে। গতকাল সোমবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সরকার আইনী প্রক্রিয়া ও প্রশাসনকে আঁচলবন্দি করে জেলের অন্ধকার প্রকোষ্ঠে অমানবিক কায়দায় তিলে তিলে কষ্ট দিয়ে বেগম খালেদা জিয়াকে প্রাণনাশের নীলনকশা বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে। অবৈধ ক্ষমতার মসনদে বসে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে সরকার। মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য-উপহাস করছে, বড়াই আর অহংকার করছে ! চুয়াত্তর বছর বয়সী ‘গণতন্ত্রের মা’র ভয়াবহ অসুস্থতা নিয়ে এই সংযম-সাধনার মাসেও ‘আয়েশ-পায়েশ’ বলে প্রধানমন্ত্রী নিজে হাসি-তামাশা করছেন। কিভাবে সম্ভব একজন অসুস্থ জাতীয় নেত্রীকে নিয়ে এমন নিষ্ঠুর আচরণ করা?

তিনি বলেন, খালেদা জিয়া গত চারদিন কোনো রকমে জাউ ভাত খেয়ে বেঁচে আছেন। তার মুখে ঘা হয়ে ফুলে গেছে। জিহ্বা নাড়াতে পারছেন না।

তিনি বলেন, রূপপুর আনবিক প্রকল্পে বালিশ-কেটলীসহ প্রকল্পের বিভিন্ন সরঞ্জামাদি কেনার মহাদুর্নীতির খবরে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রকল্পে কর্মরত মালি-ড্রাইভারদের বেতন লাখ টাকার কাছাকাছি, এখানে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির খবরে দুদকের কোনো তত্পরতা নেই।