রাজশাহী বক্ষব্যাধি হাসপাতালের জমি ও পুকুর অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। কোনভাবেই দখল ঠেকাতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। দখলদাররা হাসপাতালের পুকুর ভরাট করে পাকাবাড়ি ও বস্তিঘরসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে ভাড়া দিয়ে ব্যবসা করছে।
সম্প্রতি গ্রেটার রোড পুকুরের দক্ষিণ-পূর্ব কোণে বক্ষব্যাধি হাসপাতালের পুকুর ভরাট করে এক ব্যক্তি বাড়ি নির্মাণ কাজ শুরু করেছে। শুধু একজন নয়, বক্ষব্যাধি হাসপাতালের পুকুর ভরাট করে অর্ধশতাধিক বাড়ি ও স্থাপনা নির্মাণের ঘটনা ঘটেছে। অনেকে পাকাবাড়ি নির্মাণ করে ভাড়া দিয়েছে। বাণিজ্যিক ছাত্রীনিবাস গড়ে তুলেছে। হাসপাতালের গেটের সামনের পুকুর দখল করে দ্বিতল ভবন নির্মাণ করেছে। বাড়ির পিছনে পুকুর ভরাট করে তিনি তৈরি করেছে রাস্তা। পুকুরের পাশের জমি দখল করে ‘তাবাসুম’ নামে ছাত্রীনিবাস গড়ে তুলেছে।
পুকুরের পশ্চিম-দক্ষিণ কোণে পুকুর ভরাট করে ঘর ও টয়লেট নির্মাণ করেছে। বক্ষব্যাধি হাসপাতালের গ্রেটার রোড সংলগ্ন পুকুর ভরাট করে গরুর খামার করেছে। আড়াই ফুট প্রাচীর দিয়ে পাকা ঘর নির্মাণ করেছে। দক্ষিণ কোণে আমেনা বুড়ি পুকুর ভরাট করে বাড়ি বানিয়ে ভাড়া দিয়েছে। হাসপাতাল ক্যাম্পাসে অনেকে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। ক্যাম্পাসে অবৈধভাবে বৈদ্যুতিক জেনারেটর স্থাপন ও কারখানা স্থাপন করে ব্যবসা চলছে।
পুকুর ও জমি অবৈধ দখলের বিষয়ে সুপারিনটেনডেন্ট মনিরুল ইসলাম বলেন, অবৈধ দখল ও স্থাপনা অপসারণের জন্য দখলদারদের বিভিন্ন সময় নোটিস দেয়া হয়েছে। কিন্তু তারা নোটিস উপেক্ষা করে দখল অব্যাহত রেখেছে। অসহায় হাসপাতাল কর্তৃপক্ষ অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য গত ৫ নভেম্বর জেলা প্রশাসক, মহানগর পুলিশ কমিশনার ও রাজপাড়া থানার ওসিকে চিঠি দিয়েছে বলে জানা গেছে। জেলা প্রশাসক মেজবাহউদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, তদন্ত সাপেক্ষে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং অবিলম্বে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
