সেনবাগে যুবলীগ নেতার হাত-পায়ের রগ কর্তন

আপডেট : ১৮ নভেম্বর ২০১৩, ২২:৪৭
জেলার সেনবাগ উপজেলার যুবলীগের নেতা আক্তার হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ সময় তার সহযোগী আমির হোসেন নামে অপর এক নেতাও হামলার শিকার হয়ে আহত হয়েছেন। সেনবাগ-সোনাইমুড়ি প্রধান সড়কে উপজেলার কাদরা ইউনিয়নের উত্তর কাদরা গ্রামে গত রবিবার রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সার পর তাকে নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে আহত আক্তার হোসেন স্থানীয় সাংবাদিকদের বলেন, সেনবাগ বাজার থেকে গত রবিবার রাত পৌনে ১১টার দিকে সিএনজি চালিত অটোরিকশায় করে গ্রামের বাড়িতে যাওয়ার পথে দুর্বৃত্তরা আমাকে অটোরিকশা থেকে টেনে-হেঁচড়ে নামিয়ে হামলা চালায়। তিনি আরো বলেন, হামলাকারী দুর্বৃত্তরা জামায়াত-শিবিরের কর্মী বলে তার ধারণা। এদিকে উপজেলা ছাত্রশিবির সভাপতি কামাল উদ্দিন এ ঘটনার সাথে তাদের কোন নেতা-কর্মীর সংশ্লি¬ষ্টতা নেই বলে দাবি করেছেন। সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) আক্রাম হোসেন মজুমদার বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় মামলা দায়ের করেনি। বিষয়টি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।