রাজশাহীতে গৃহকর্মীর ঝুলন্ত লাশ

আপডেট : ১৮ নভেম্বর ২০১৩, ২২:৫২
রাজশাহী মহানগরীর নতুন পবাপাড়ার শামস পারভেজের বাসার তরুণী গৃহকর্মী লাভলী খাতুনের (১৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ৯টায় নগরীর শাহ্ মখদুম থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত লাভলী তানোর উপজেলার ধুরইল গ্রামের আতাউর রহমানের মেয়ে। পুলিশ জানায়, লাভলী খাতুন কিছুদিন ধরে শামস পারভেজের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিল। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ওসি জানান, গৃহকর্তার পাশের বাড়ির সজীব নামে এক ছেলের সঙ্গে লাভলীর প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকের সঙ্গে অভিমান করে লাভলী আত্মহত্যা করেছে ধারণা করা হচ্ছে। এ থানায় ইউডি মামলার পর পুলিশ রহস্য উদঘাটনের জন্য তদন্ত শুরু করছে।