এখনো সময় আছে সর্বদলীয় সরকারে যোগ দিন

আপডেট : ১৮ নভেম্বর ২০১৩, ২২:৫২
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বিএনপির উদ্দেশে বলেছেন, এখনো সময় আছে শেখ হাসিনার নেতৃত্বাধীন সর্বদলীয় সরকারে যোগ দিয়ে নির্বাচনে আসুন। নির্বাচনে না আসলে ভবিষ্যতে বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না। জ্বালাও-পোড়াও ও নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচাল করার ক্ষমতা কারো নেই। আবারো আওয়ামী লীগকে ভোট দেয়ার জন্য তিনি আহ্বান জনান। গতকাল সোমবার বিকালে পাবনার সাথিয়া উপজেলার বনগ্রামে স্থানীয় ১৪ দল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, মিথ্যা ও বানোয়াট তথ্যের উপরে বনগ্রামের হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালানো হয়েছিল। কোরবান আলী বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নাজমুল হক প্রধান, ইসমাইল হোসেন, মাহমুদুর রহমান বাবু, মোখলেছুর রহমান, সাইদুল হক চুন্নু, আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সিরাজুল ইসলাম শাহাজাহান ও হাসান আলী প্রমুখ।