সিংড়া উপজেলায় গত ৫ বছরে ৩টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি হলেও সকল শর্ত পূরণের পরও এমপিও হয়নি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২৫টি। ফলে এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবন কাটাচ্ছে। বিপুল পরিমাণ অর্থ দিয়ে চাকরি নেয়া এসব শিক্ষকরা এখন হতাশায় ভুগছেন। নাম প্রকাশ না করা শর্তে এক শিক্ষক জানালেন, ৯ বছর ধরে শ্রম দিয়ে যাচ্ছি। বিয়েও ঠিক হয়েছিল কিন্তু এমপিও না হওয়ায় অনিশ্চিত ভবিষ্যত্! কি করবো ভেবে পাচ্ছি না। চলনবিল মহিলা কলেজের এক শিক্ষক জানান, প্রাইভেট পড়িয়ে যা আয় হয় তাই দিয়ে কোন রকম টিকে আছি। তথ্যমতে, উপজেলার ৩০টি প্রতিষ্ঠানে প্রায় ৫ শতাধিক শিক্ষক-কর্মচারী রয়েছে। দীর্ঘদিনেও এমপিও না হওয়ায় দিন দিন তাদের হতাশা বাড়ছে। নাটোর- ৩ সিংড়া আসনের সংসদ সদস্য এড.জুনাইদ আহমেদ পলক বলেন, বর্তমান সরকারের সময়কালে সারাদেশে ১৬শ’ প্রতিষ্ঠান এমপিও হয়েছে আরও প্রতিষ্ঠান এমপিও করার নীতিগত সিদ্ধান্ত হয়ে আছে।
