গফরগাঁওয়ে বীজের তীব্র সংকট

আপডেট : ১৯ নভেম্বর ২০১৩, ২০:২৬
ময়মনসিংহের গফরগাঁওয়ে ইরি-বোরো বীজের তীব্র সংকট দেখা দেয়ায় চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন। বোরো চাষিরা ১০ কেজি ওজনের ৩৪০ টাকা মূল্যের বোরো বীজের বস্তা ৪৫০ থেকে ৪৭০ টাকায় কালোবাজারিদের কাছ থেকে সংগ্রহ করছেন। সংশ্লিষ্ট একশ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজসে বিএডিসির অধিকাংশ ডিলার বরাদ্দ অনুযায়ী বীজ উত্তোলন না করে কৃত্রিম সংকট সৃষ্টি করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ অবস্থায় উপজেলায় ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশংকা দেখা দিয়েছে। উপজেলার চরআলগী গ্রামের কৃষক হোসেন মিয়া অভিযোগ করে বলেন, তিনি গত ১ সপ্তাহ যাবত্ উপজেলা বিএডিসি অফিস ও ডিলারদের কাছে ২ বস্তা বোরো ধান বীজের জন্য ধর্না দিয়ে না পেয়ে খোলাবাজার থেকে বেশি দামে বীজ ক্রয় করেছি। গফরগাঁও বিএডিসি অফিসের উপ-সহকারী পরিচালক আতিকুর রহমান বলেন, ব্রি-ধান-২৮ এর চাহিদা কৃষকদের কাছে বেশি। এই বীজ বিএডিসির ময়মনসিংহের গোডাইনে না থাকায় আমরা সরবরাহ করতে পারছি না।