এর নামই কি গণতন্ত্র চর্চা?

আপডেট : ১৯ নভেম্বর ২০১৩, ২১:০৩
গণমাধ্যমে প্রকাশিত কয়েক দিনের হরতালে সহিংসতায় গুরুতরভাবে পুড়ে যাওয়া মানুষের ছবিগুলো দেখেছি। আর ভেবেছি— যারা এই অমানবিক ও অমানুষিক কাণ্ড ঘটিয়ে কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষায় তত্পর, তারা কি মানুষ? আমার মনে হয়, ক্ষমতা আর অর্থের লোভ আমাদের মানবিকতার এত অধঃপতন ঘটিয়েছে যে, আমরা পশুর অধম হয়ে গিয়েছি। দগ্ধ যন্ত্রণার ছটফটানি বা স্বজন হারানোর আহাজারি আমাদের কর্ণকুহরে পৌঁছায় না। কিন্তু কিসের জন্য এ সহিংসতা? নিরপরাধ মানুষগুলোকে নিরাপত্তাহীন করে এক অস্থিতিশীল পরিবেশ তৈরির নামই কি গণতন্ত্র? আমাদের কথা কি একবারও ভাবেন আমাদের রাজনীতিকরা? তাঁদের কাছে কি আমাদের জীবনের কোনো মূল্য নেই? সহিংসতার রূপ দিন দিন এতই ভয়ংকর হচ্ছে যে, আমরা স্বাধীন দেশে থেকেও যেন পরাধীন হয়ে আছি। রাজনীতিবিদদের স্বার্থান্বেষী ইচ্ছা-অনিচ্ছাই যেন আমাদের মাথা পেতে মেনে নিতে হচ্ছে। স্বাভাবিক অবস্থাকে অস্থিতিশীল করে হলেও রাজনৈতিক কর্মসূচিকে সফল করতে হবে। সকল কিছুর পর সরকারও যেন সাধারণ মানুষের নিরাপত্তা বিধানে অসমর্থ হচ্ছে। এ সংকট সমাধানের প্রয়োজনীয় উদ্যোগ এবং সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপই পারে শান্তির পরিবেশ ফিরিয়ে দিতে। কিশোরগঞ্জ