হাইকোর্টের নির্দেশ অমান্য করে আজিমপুর কবরস্থানের মধ্য দিয়ে রাস্তা নির্মাণ করায় ডিসিসি দক্ষিণের প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে তলব করা হয়েছে। আগামী ১০ ডিসেম্বর আদালতে হাজির হয়ে এ বিষয়ে তাদেরকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. আশরাফুল কামালের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন।
উল্লেখ্য, ২০০৬ সালে রাজধানীর আজিমপুর কবরস্থানের মধ্য দিয়ে রাস্তা নির্মাণের সিদ্ধান্ত নেয় ঢাকা সিটি কর্পোরেশন। এই রাস্তা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ। ওই রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০০৯ সালের ১৭ নভেম্বর হাইকোর্ট এক রায়ে তিন মাসের মধ্যে কবরস্থানের মধ্যে রাস্তা নির্মাণের কাজ বন্ধ এবং রাস্তা নির্মাণের সকল সরঞ্জামাদি অপসারণ করার নির্দেশ দেয়। কিন্তু রিটের বিবাদী পক্ষ হাইকোর্টের রায় অমান্য করে। পরবর্তীকালে রিট আবেদনকারী সংগঠন সিটি করপোরেশনের কর্মকর্তাদের তলব চেয়ে আদালতে একটি আবেদন দেয়। ওই আবেদনের শুনানি শেষে হাইকোর্ট তিনজনকে তলব করে।
