নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সমন্বয়ক ও মহানগর হেফাজতে ইসলামের সদস্য সচিব মাওলানা ফেরদাউসুর রহমানের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে ও তার অফিস ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে শহরের চাষাঢ়ার জামতলা এলাকায় দারুল ইসলাম ক্যাডেট মাদ্রাসায় এ ঘটনা ঘটে। পরে মাদ্রাসার শিক্ষক আনিসুর রহমান আনসারী বাদি হয়ে মঙ্গলবার বিকালে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, সোমবার রাত পৌনে ৯ টার দিকে মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা এশার নামাজ আদায়কালে একদল অজ্ঞাত পরিচয় দুর্বৃত্ত মাদ্রাসার দ্বিতীয় তলার অফিস কক্ষে হামলা চালিয়ে আলমারি, চেয়ার, টেবিল, কম্পিউটার, কাঠের শোকেস ভাংচুর করে। ওই সময়ে হামলাকারীরা মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক মাওলানা ফেরদাউসুর রহমানকে লাঠিপেটায় আহত করে। তাকে পরে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়। ১৮ দলীয় জোটের অন্যতম শরীক দল ইসলামী ঐক্যজোটের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান জানান, হামলাকারীরা ৩-৪ জন ছিল। তবে তিনি কাউকে চিনতে পারেননি।
তদন্তকারী কর্মকর্তা থানার এসআই ওয়াহিদুজ্জামান জানান, ঘটনাটি তদন্তের পর এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
