দেশের ২৩ তম সরকারি মেডিক্যাল কলেজ গাজীপুর মেডিক্যাল কলেজে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এমবিবিএস ভর্তি পরীক্ষার অপেক্ষমাণ তালিকা থেকে মেধানুসারে ৫০ জন শিক্ষার্থী ২০১৩-১৪ শিক্ষাবর্ষে এই কলেজে ভর্তির সুযোগ পেল। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর চলতি শিক্ষা বর্ষে ভর্তি কার্যক্রম শুরু করার প্রশাসনিক আদেশ জারি করে। আগের দিন স্বাস্থ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত অনুমোদন দিয়েছিল। আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. খন্দকার মো. সিফায়েত উল্লাহ ও পরিচালক (মেডিক্যাল এডুকেশন) অধ্যাপক ডা. এমএ হান্নানের নেতৃত্বে একটি দল মেডিক্যাল কলেজ পরিদর্শনে যাবেন।
মহাপরিচালক অধ্যাপক ডা. খন্দকার মো. সিফায়েত উল্লাহ বলেন, ভর্তি কার্যক্রম ও অন্যান্য বিষয় দেখার জন্য তিনি সেখানে যাচ্ছেন। সরকারি মেডিক্যাল কলেজগুলোতে ভর্তিতে ব্যাপক চাহিদা। সাধারণত ভর্তি পরীক্ষায় নির্বাচিত নিম্ন, মধ্যবিত্ত পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি হতে সমস্যা হয় না। ব্যয়বহুল হওয়ায় তাদের পক্ষে বেসরকারি মেডিক্যাল কলেজে পড়া সম্ভব নয়।
গাজীপুর মেডিক্যাল কলেজের ৫০ টি আসন নিয়ে সারাদেশের সরকারি মেডিক্যাল কলেজে শিক্ষার্থীদের আসন সংখ্যা দাঁড়ালো ৮৮৬২টি।
