চট্টগ্রামে গ্যাস সংকট নিরসনের দাবি জানিয়েছে স্থানীয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এ ব্যাপারে আশু হস্তক্ষেপ কামনা করে গতকাল মঙ্গলবার জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরীর কাছে পত্র পাঠানো হয়েছে। এতে বলা হয়, চট্টগ্রামে অপ্রতুল গ্যাস সরবরাহের কারণে শিল্প কারখানাসমূহ দীর্ঘদিন ধরে মারাত্মক সংকটের সম্মুখীন। সম্প্রতি চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরিতে গ্যাস সরবরাহের কারণে শিল্প কারখানাসহ মহানগরী ও সংলগ্ন এলাকার আবাসিক গ্রাহকবৃন্দকে গ্যাস সরবরাহ দেয়া হচ্ছে না।
চিঠিতে আরো উল্লেখ করা হয়, চট্টগ্রামে গ্যাসের চাহিদা দৈনিক প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুটের বিপরীতে সরবরাহ করা হচ্ছে সর্বোচ্চ ২০০ মিলিয়ন ঘনফুট মাত্র। পর্যাপ্ত গ্যাস ও গ্যাস সংযোগের অভাবে এতদঞ্চলের রপ্তানিমুখী তৈরি পোশাক খাত, সিএনজি ফিলিং স্টেশন, আবাসন, স্টীল ও রি-রোলিং মিলসমূহে মারাত্মক বিপর্যয় নেমে এসেছে। উদ্যোক্তারা বিপুল আর্থিক ক্ষতির সম্মুখিন হচ্ছেন। বর্ণিত বিষয়সমূহ পর্যালোচনা ও মূল্যায়নপূর্বক এ অঞ্চলে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক বা আরো উন্নীত করার লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে জ্বালানি উপদেষ্টার প্রতি অনুরোধ জানানো হয়।
