দেশের বৃহত্তম পাবলিক পরীক্ষা প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী আজ বুধবার সকালে শুরু হচ্ছে। বিকালে অনুষ্ঠিত হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল (জেডিসি) পরীক্ষা।
প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে অংশ নেবে ২৯ লাখ ৫০ হাজার ১৯৩ জন পরীক্ষার্থী। বিকালে জেএসসি-জেডিসির পরীক্ষায় অংশ নেবে ১৯ লাখ দুই হাজার ৭৪৬ জন পরীক্ষার্থী। দুটি পাবলিক পরীক্ষা মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫০ লাখ।সকাল ১১ টায় প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ীতে গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে দেড়টা পর্যন্ত, এরপর বিকাল ২টায় অনুষ্ঠিত হবে জেএসসির চারু ও কারুকলা এবং জেডিসিতে কৃষি শিক্ষা এবং গার্হস্থ্য অর্থনীতি ।
একই দিনে একই স্কুল কেন্দ্রে থক দুটি পাবলিক পরীক্ষার আসনবিন্যাস ও ব্যবস্থাপনা নিয়ে বিপাকে পড়েছেন কেন্দ্র সচিবরা। দুটি পরীক্ষার মাঝে সময়ের ব্যবধান মাত্র ৩০ মিনিট। প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় সরকারিভাবেই বরাদ্দ দেয়া আছে। কেন্দ্র সচিবদের মাত্র ১০ মিনিটের মধ্যে নতুন পরীক্ষা নেয়া শুরু করতে হবে। আজ ২০ নভেম্বর জেএসসির পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালের স্থগিত পরীক্ষা নেয়া হবে ২৩ নভেম্বর পর্যন্ত। প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা আজ শুরু হয়ে শেষ হওয়ার কথা ২৮ নভেম্বর।
