উপজেলার এনায়েতপুর গ্রামের পাটগুদাম ঘাট এলাকায় নির্মিত ব্রিজের দু’পাশে এপ্রোচ সড়ক না থাকায় প্রায় ৮ বছর ধরে তা চলাচলের অযোগ্য হয়ে দাঁড়িয়ে আছে । লাখ লাখ টাকা ব্যয় করে ব্রিজটি নির্মাণ করা হলেও কারো কোন উপকারেই আসছে না। তাই এলাকাবাসী এই সেতুটির নামকরণ করেছে “অহেতুক ব্রিজ”। তবে কতকাল অহেতুক ব্রিজের কলঙ্ক মাথায় নিয়ে সেতুটি দাঁড়িয়ে থাকবে এই প্রশ্ন এলাকাবাসীর।
এলাকাবাসী জানায়, হযরত শাহ সুফী খাজা বাবা ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ) পুণ্যভূমি খ্যাত এনায়েতপুর গ্রামের পাটগুদাম এলাকায় যমুনার একটি খালের কারণে উত্তরপাড়ার মানুষ বন্যা মৌসুমে চলাচলে চরম দুর্ভোগ পোহাতো। এজন্য ২০০৪ সালে প্রায় ২০ লক্ষাধিক টাকা ব্যয়ে ঐ খালের ওপর একটি ব্রিজ নির্মাণ করা হয়। কিন্তু সে বছরই বন্যার পানিতে সেতুটির দু’পাশের রাস্তার মাটি সরে যায়। এরপর থেকে এপ্রোচ সড়কটি আর নির্মাণ করা হয়নি। তখন থেকেই এই এলাকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
এ ব্যাপারে গ্রামটির বাসিন্দারা জানান, আমাদের উপকারের কথা ভেবে সেতু নির্মাণ করা হয়েছে। কিন্তু ৮ বছর ধরে সেতুটি কোন কাজে আসছে না। ব্রিজের দু’পাশে মাটি না থাকায় তা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক এবং উপজেলা প্রকৌশলী নাসির আহমেদ জানান, বিষয়টি যেহেতু জনগুরুত্বপূর্ণ তাই দ্রুততার সাথে তা সমাধানের জন্য কাজ করা হবে।
