লোহাগড়া উপজেলায় ৩৪টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে সাতটি বিদ্যালয়ে খেলার মাঠ নেই। অনুরূপ ১৩টি আলিয়া মাদ্রাসার মধ্যে ৫টি খেলার মাঠ নেই।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বড়দিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়, লোহাগড়া মাধ্যমিক বিদ্যালয়, এবিএনকে আদর্শ বালিকা বিদ্যালয়, কেএনপি নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় ও লাহুড়িয়া আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে খেলার মাঠ নেই। এ ছাড়া কুমড়ী তালবাড়িয়া আলিম মাদ্রাসা, আল জামায়াতুল ইসলামিয়া দাখিল মাদ্রাসা, চাপুলিয়া দাখিল মাদ্রাসা, নখখালী দাখিল মাদ্রাস ও জালালসী নওয়াপাড়া দাখিল মাদ্রাসায় খেলাধুলার মাঠ নেই। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, এ বিদ্যালয়ে ৫৬০ জন শিক্ষার্থী ও একজন শরীরচর্চা শিক্ষকও আছেন। কিন্তু ছেলে-মেয়েরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত। লোহাগড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিম মিয়া বলেন, মাঠের অভাবে ছাত্রীদের খেলাধুলার চাহিদা মেটাতে পারছি না। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, যে কোন বিদ্যালয়ের স্বীকৃতি পাওয়ার জন্য খেলার মাঠ দেখাতে হয়। খেলার মাঠ না থাকলে ওই প্রতিষ্ঠানের সরকারি স্বীকৃতি পাওয়ার কথা নয়। এসব প্রতিষ্ঠানে সরকারিভাবে খেলার মাঠ করে দেয়া হয় না, স্থানীয়ভাবে খেলার মাঠের ব্যবস্থা করতে হবে।
