বৈরুত হামলার ঘটনায় বাইরের শক্তিকে দায়ী করেছে ইরান

আপডেট : ২০ নভেম্বর ২০১৩, ২১:১৪
লেবাননের রাজধানী বৈরুতে ইরানি দূতাবাসের পাশে বোমা হামলার ঘটনায় ইসরাইলকে দায়ী করেছে ইরান। তবে ইসরাইল কর্তৃপক্ষ এ হামলার অভিযোগ অস্বীকার করেছে। যদিও আব্দুল্লাহ আজ্জাম ব্রিগেডস নামে পরিচিত লেবাননভিত্তিক একটি আল কায়েদা সংশ্লিষ্ট গ্রুপ এ হামলার দায় স্বীকার করেছে। বোমা হামলার পর ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি টেলিফোন বার্তায় লেবাননের প্রেসিডেন্টকে বলেন, এ হামলায় বাইরের শক্তির ইন্ধন রয়েছে। উগ্রপন্থি মানসিকতায় বিশ্বাসী একটি দেশের কিছু জঙ্গি সংগঠন এ ধরনের হামলার মাধ্যমে এ অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে চায়। তিনি আরো বলেন, উগ্রবাদীরা এসব হামলার মাধ্যমে লেবাননকে বিভক্ত করতে চায়। তবে আমার বিশ্বাস লেবাননের শক্তিশালী নেতৃত্ব নিজেদের নিরাপত্তার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করবে।