হূদরোগ প্রতিরোধে বিশেষজ্ঞগণের মধ্যে নতুন বিতর্ক

আপডেট : ২০ নভেম্বর ২০১৩, ২১:৩২
হূদরোগ প্রতিরোধের নতুন গাইড লাইন নিয়ে এবার বিতর্কে জড়িয়ে পড়েছেন বিশেষজ্ঞগণ। আমেরিকান হার্ট এসোসিয়েশন ও আমেরিকান কলেজ অব কার্ডিওলজির বিশেষজ্ঞগণ হূদরোগ প্রতিরোধে কোলেস্টেরল কমানোর ওষুধ স্ট্যাটিনস (জোকর, ক্রেস্টর, লিপিটর) সেবনের পরামর্শ দিয়েছিলেন। এবার বিশ্বখ্যাত মেডিক্যাল জার্নাল ল্যানসেটে মার্কিন বিশেষজ্ঞ ও গবেষক ড: পল রিডকার ও ড: ন্যান্সি কুক নতুন গাইড লাইন সম্পর্কে বলেছেন, এটা হূদরোগ প্রতিরোধে নিঃসন্দেহে এক ধাপ অগ্রগতি, তবে এ ওষুধটির পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়টি নিয়ে ভাবতে হবে। যাদের হূদরোগ আছে অথবা রক্তের কোলেস্টেরল বেশি তারা স্ট্যাটিনস সেবন করতে পারেন। তবে যাদের হূদরোগ বা উচ্চ কোলেস্টেরল নেই তাদের ক্ষেত্রে হূদরোগ প্রতিরোধে স্ট্যাটিনস সেবন উপযোগী নয়। বিশেষজ্ঞদের মতে, হূদরোগ প্রতিরোধের ক্ষেত্রে ধূমপান বর্জন, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ, কম চর্বিযুক্ত খাবার আহার ও নিয়মিত ব্যায়াম করা ভালো। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ