ভারতের কলকাতা বিমানবন্দরে পরিচ্ছন্ন কর্মীরা একটি বাণিজ্যিক বিমানের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ লাখ ডলার মূল্যমানের ২৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে। মঙ্গলবার এই বারগুলো উদ্ধার করা হয়। খবর দ্য হিন্দুর।
বুধবার কর্মকর্তারা জানান, চাহিদা কমাতে চলতি বছর তিন দফায় আমদানি শুল্ক বৃদ্ধি করায় বিশ্বের বৃহত্তম স্বর্ণ ব্যবহারকারী দেশ ভারতে স্বর্ণের চোরাচালান বেড়ে গেছে। কলকাতার এনএসসি বোস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর জেট এয়ারওয়েজের বিমানটিতে পরিচ্ছন্নতার কাজ করার সময় এ স্বর্ণ পাওয়া যায়। এর আর্থিক মূল্য প্রায় সাত কোটি ২৫ লাখ। কর্মীরা টয়লেটে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ পড়ে থাকতে দেখে এবং পুলিশে খবর দেয়। প্রথমে তারা মনে করেছিল ব্যাগে বোমা থাকতে পারে। পরে পুলিশের বোমা স্কোয়াডের সদস্যরা এসে ব্যাগটি খোলেন এবং স্বর্ণের বারগুলো পান। তবে এর মালিককে পাওয়া যায়নি।
