ইইউ’র শাখারভ পুরস্কার গ্রহণ মালালার

আপডেট : ২০ নভেম্বর ২০১৩, ২২:৫৪
ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ মানবাধিকার ‘শাখারভ’ পুরস্কার গ্রহণ করলেন পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই। এই পুরস্কার তিনি পাকিস্তানের বীর এবং বিশ্বব্যাপী যারা মানবাধিকারের জন্য কাজ করছেন তাদের প্রতি উত্সর্গ করেন। খবর বিবিসির। ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন স্কালজ গতকাল বুধবার ফ্রান্সের স্ট্রাসবার্গে মালালার হাতে এই পুরস্কার তুলে দেন। সোভিয়েত ইউনিয়নের ভিন্নমতাবলম্বী পদার্থবিদ অ্যান্ড্রেই শাখারভের স্মরণে প্রতি বছর এই পুরস্কার দেয়া হয়। পুরস্কারের আর্থিক মূল্য ৬৫ হাজার মার্কিন ডলার। পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে তালেবানের গুলিতে আহত মালালা বলেন, আমি আশা করি যেসব দেশের মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত এবং নানাভাবে নির্যাতিত হচ্ছে তাদের দিকে ইইউ মানবতার হাত বাড়িয়ে দেবে। তিনি বলেন, যেসব শিশু খাদ্যের জন্য এবং শিক্ষার জন্য সংগ্রাম করছে তাদেরকে এগিয়ে নিতে হবে আমাদের। বিশ্বে ৫৭ মিলিয়ন শিশু শিক্ষার অধিকার থেকে বঞ্চিত বলে মালালা জানান।