জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, আমি আমার দলের রাজনীতি করি। অন্য কারো রাজনীতি করি না। সুতরাং কে কী বললো তাতে কিছু যায় আসে না। নির্বাচন না করলে দল ও কর্মী থাকে না। আমাকে তো দল টিকিয়ে রাখতে হবে, কর্মীদের সক্রিয় রাখতে হবে। মানুষও ভোটের জন্য প্রস্তুত। তাই নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, বিএনপিও আসবে বলে এতদিন অপেক্ষা করেছি। আর অপেক্ষা করতে পারলাম না। ‘টাইম এন্ড টাইড ওয়েট ফর নান।’
আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল বুধবার রাজধানীর বনানী কার্যালয়ে জাপা’র মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এরশাদ নিজে ঢাকা-১৭, রংপুর-১ ও রংপুর-৩- এই তিনটি আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন।
এরশাদ আরো বলেন, বিএনপির জন্য আমরা বসে থাকতে পারি না। তবে তারা মন্ত্রিসভায় ও নির্বাচনে আসুক, এটা এখনও আমি চাই। তিনি জানান, নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে তার দল।
ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক
এদিকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ গতকাল বিকেলে এরশাদের সঙ্গে বৈঠক করেছেন। জানা গেছে, রাজধানীর বারিধারায় এরশাদের বাসায় বিকেল ৫টা থেকে প্রায় পৌনে ৬টা পর্যন্ত অনুষ্ঠিত এই বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, মন্ত্রিসভা পুনর্গঠন ও আগামী নির্বাচন নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। তবে জাপার প্রেসিডিয়াম সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়াউদ্দিন বাবলু জানান, এটা ছিল সৌজন্য সাক্ষাত।
