চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা শিলক ও পদুয়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় বন্যহাতির উত্পাত শুরু হয়েছে। প্রায় সপ্তাহ ধরে এসব এলাকায় হাতির উত্পাত দেখা দেয়। আমন ধানে পাক ধরার শুরু থেকে বন্যহাতি দলবদ্ধভাবে নেমে এসেছে এখানে। দিনের বেলায় নিকটস্থ পাহাড়ের জঙ্গলে অবস্থান করে এবং রাত নামলেই বন্যহাতির দল নেমে আসে নিকটস্থ বিলের আমন ক্ষেতে। বন্যহাতির উপদ্রবে বিভিন্ন বিলের হাজার হাজার একর জমির বোরো ফসল অনিশ্চয়তার সম্মুখীন হয়েছে। শিলকের তৈলিয়াভাঙ্গা বিল, কোদালা ধোপাঘাট বিল, পূর্বকোদালা বিল, রাইখালি বিল, পদুয়ার খুরুশিয়া, সুখবিলাস, ফলারিয়া, সাড়াশিয়াসহ পাহাড়ি এলাকার বিলসমূহে বন্যহাতি বেপরোয়া চষে বেড়াচ্ছে। কোদালা চা বাগান এলাকায়ও হাতির দল উত্পাত করে চলেছে। হাতির দল বিলের কাঁচা আধাপাকা বোরো ধান খেয়ে এবং পায়ে পিষ্ট করে তছনছ করছে। ফলে গোলায় তোলার আগেই হাতির পেটে যাচ্ছে কৃষকের বোরো ফসল। এলাকার কৃষকেরা হাতির কবল থেকে রক্ষার জন্য ক্ষেতের কাঁচা আধাপাকা বোরো ধান কাটা শুরু করেও রক্ষা করতে পারছে না হচ্ছে না বন্যহাতির কবল থেকে। বন্যহাতির উপদ্রব প্রতিরোধে স্থানীয় প্রশাসন এবং বনবিভাগের কোন ব্যবস্থা নেই।
কোদালা চা বাগানের ব্যবস্থাপক বেলায়েত হোসেন জানান, প্রায় ৭০-৮০টি বন্যহাতির একটি দল রাত হলেই নেমে আসে বিলে এবং বাগান এলাকায়। হাতির দল বাগানের কয়েকটি টিলায় শ্রমিকদের আবাসিক এলাকায় হানা দিয়ে ভাঙচুর করে। বন্যহাতির ভয়ে চা শ্রমিকরা ঘরে ঘুমাতে পারে না।
