বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নির্বাচন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বেলা ১২টায় নগর ভবনে সিটি মেয়র আহসান হাবিব কামালের উপস্থিতিতে গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩০ জন সাধারণ কাউন্সিলর ও ১০ জন সংরক্ষিত নারী কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলতাফ মাহমুদ সিকদার ও জাতীয় পার্টির (এ) প্রার্থী একেএম মুরতুজা আবেদিনকে পরাজিত করে ১নং প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক কে এম শহিদুল্লাহ। কাউন্সিলর হাবিবুর রহমান টিপুকে পরাজিত করে ২নং প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ দলীয় কাউন্সিলর মোশাররফ আলী খান বাদশা। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩নং প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন শরীফ তসলিমা কালাম পলি।
