গুড়িয়ে দেওয়া হলো কয়লা তৈরির কারখানা

আপডেট : ২১ মে ২০১৯, ১৫:৩৫

কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়লা তৈরির কারখানা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানা থেকে শতাধিক কয়লার বস্তা জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মইনুল হোসেনের উপস্থিতি টের পেয়ে কয়লা তৈরি কারখানার মালিক ও শ্রমিকরা সটকে পরে।

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ কয়লার কারখানা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) অফিস সূত্র জানায়, একটি অসাধু চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে উপজেলার পাহাড়ি এলাকার গজারির বনের আশপাশে আজগানা, তরফপুর ও বাঁশতৈল ইউনিয়নের ২০-২৫টি স্থানে কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়লা তৈরির কারখানা গড়ে তুলেছে। এসব কারখানায় সরকারি বনাঞ্চল ও আশপাশের গ্রামাঞ্চলের বিভিন্ন প্রজাতির কাঠ পুড়িয়ে বিশেষ চুল্লির মাধ্যমে প্রতি দিন শতশত মন অবৈধভাবে কয়লা তৈরি করা হচ্ছে। এতে এক দিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তেমনি এলাকার পরিবেশও হুমকির মুখে পড়েছে। 

খোঁজ নিয়ে দেখা গেছে, কাঠ পুড়িয়ে এসব কয়লার কারখানার প্রশাসনের কোন অনুমোদন এমনকি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। আজগানা ইউনিয়নের আজগানা, খাটিয়ারঘাট, কুড়িপাড়া, বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতিল মোতারচালা, বংশীনগর, পেকুয়া, তালতলা এবং তরফপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে কাঠ পুড়িয়ে এসব অবৈধ কয়লার কারখানা গড়ে উঠেছে। 

ম্যাজিস্ট্রেট মো. মইনুল হোসেন বলেন, তাদের এ অভিযান চলমান থাকবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

ইত্তেফাক/জেডএইচ