দেশের সব জেলা থেকে মেশিন রিডেবল পাসপোর্ট সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। ২০১০ সালে ঢাকাসহ দেশের ৩১টি জেলা থেকে মেশিন রিডেবল পাসপোর্টের জন্য আবেদন গ্রহণ এবং বিতরণের সেবা চালু করা হয়েছিলো। কিন্তু সংশ্লিষ্ট জেলার বাসিন্দারা অন্য জেলা থেকে পাসপোর্ট গ্রহণে বিড়ম্বনার শিকার হতেন। এ জন্য বাকি ৩৩টি জেলায় মেশিন রিডেবল পাসপোর্ট সেবা দেয়ার জন্য সমপ্রতি বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সাথে পোল্যান্ডের পিডব্লিউপিডব্লিউ-এর সাথে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ কাজে ব্যয় হবে ১৩৭ কোটি টাকা।
এ চুক্তি বাস্তবায়িত হলে নতুন যে সব জেলা থেকে মেশিন রিডেবল পাসপোর্ট দেয়া হবে তাহলো- বরগুনা, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, চুয়াডাংগা, মেহেরপুর, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, বাগেরহাট, সাতক্ষীরা, লালমনিরহাট, নীলফামারি, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, সুনামগঞ্জ, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, গাইবান্ধা, নারায়ণগঞ্জ, গাজীপুর, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, শরিয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী ও বান্দরবান।
এ সংক্রান্ত চুক্তিতে সই করেন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল মাবুদ এবং পিডব্লিউপিডব্লিউ’র জিগনিউ মাটেরা। এসময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, এমআরপি প্রকল্পের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মাসুদ রেজওয়ানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
