ভারতের বহুল আলোচিত সাপ্তাহিক পত্রিকা তেহেলকার সম্পাদক তরুণ তেজপাল পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে এক নারী সহকর্মী যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন। তরুণ তেজপাল এই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। অনুসন্ধানী সাংবাদিকতায় তেহেলকা হয়ে উঠেছিল ভারতের অপ্রতিদ্বন্দ্বি এক নাম।
পদত্যাগের পর তেজপাল এক বিবৃতিতে বলেন, তিনি ছয় মাসের জন্য ‘বিশ্রামে’ যাচ্ছেন। একটি ‘দুঃখজনক’ ঘটনার ধাক্কা সামলে উঠতে তার কিছুটা সময় লাগবে বলে তিনি উল্লেখ করেন। তার বিরুদ্ধে অভিযোগ করা নারী সহকর্মীর একজন বান্ধবী বলেছেন, মেয়েটির সঙ্গে চরম যৌন আচরণ করা হয়েছে। অভিযোগের জবাবে তেজপাল আরো বলেন, তার বিরুদ্ধে অভিযোগকারীনির সঙ্গে তিনি কথা বলে বিষয়টি ‘ফয়সালা’ করে নিয়েছেন।
সম্প্রতি গোয়ায় পত্রিকাটির একটি বার্ষিক অনুষ্ঠান ছিল। এতে বিভিন্ন স্তরের সেলিব্রেটিরা অংশগ্রহণ করেন। অভিযোগ ওঠে, ওই অনুষ্ঠানের এক ফাঁকে পত্রিকাটিতে চাকরি করা একজন নারী সহকর্মীকে যৌন হয়রানি করেন তেজপাল। অভিযোগ ওঠার পর তেজপাল দুঃখ প্রকাশ করলেও বিভিন্ন মহল থেকে তদন্ত কমিটি করার ও আইনি ব্যবস্থার দাবি উঠেছে।
