সংসদ নির্বাচনে প্রার্থীদের জন্য আগামী সোমবার জেলায় জেলায় যাচ্ছে মনোনয়ন ফরম। আগামী সোমবারই তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে। গতকালই আসনভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকাও প্রস্তুত করা হয়েছে। ভোটারপ্রতি প্রার্থীদের খরচ ৮ টাকা নির্ধারণ করেছে কমিশন। এদিকে তফসিল ঘোষণার আগমুহূর্তে বিভিন্ন দাবিতে কমিশনের কর্মকর্তাদের আন্দোলন কর্মসূচি নিয়ে বিপাকে আছে ইসি। আরচরণবিধিতে ‘নির্বাচনের পূর্ব সময়ের স্থানে নির্বাচনকাল সময়’ প্রতিস্থাপনে মত দিয়েছে মন্ত্রণালয়। ‘পোস্টারের মাপ সেন্টিমিটারের স্থলে ইঞ্চি ব্যবহার, প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্তৃক কোন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে পূর্বে সভাপতি ও সদস্য পদে মনোনয়ন হইয়া থাকিলে নির্বাচন-পূর্ব সময়ে উহা অকার্যকর থাকিবে’ উল্লেখ করা হয়েছে। নির্বাচনে কমিশনের নিজস্ব রিটার্নিং কর্মকর্তা নিয়োগের দাবি করেছেন কর্মকর্তারা। ২৬ নভেম্বর পর্যন্ত আল্টিমেটামও দিয়েছেন তারা। অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে পদোন্নতি পাওয়ার যোগ্য এমন সকল কর্মকর্তার পদোন্নতি।
