বরিশালে হিন্দুদের বাড়িঘরে হামলা

তদন্ত কমিটি রিপোর্ট জমা দিবে আজ

আপডেট : ২১ নভেম্বর ২০১৩, ২৩:২০
চর কাউয়ার চর আইচা গ্রামে হিন্দুদের বাড়িঘরে হামলা ও আগুন লাগানো ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি আজ শুক্রবার জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দেবে। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আবুল কালাম আজাদ বলেন, কমিটির সদস্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামকে নিয়ে আমরা সরেজমিনে ক্ষতিগ্রস্তদের বক্তব্য গ্রহণ করেছি। তবে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো অভিযোগ পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের পর স্থানীয়ভাবে ক্ষোভের সৃষ্টি হওয়ায় আগুন লাগানোর ঘটনা ঘটেছে। এ ঘটনার সাথে জড়িয়ে পড়া গ্রামের বিবদমান উভয়পক্ষই পুলিশের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছে বলে তদন্ত কমিটির সাথে আলাপ করে জানা গেছে। এদিকে গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে স্কাউট পাঠিয়ে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ির ধ্বংসস্তূপ সরিয়ে ফেলা হয়েছে। সেখানে নতুন ঘর নির্মাণ করতে জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সাহায্য-সহযোগিতা প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। জেলা প্রশাসক শহীদুল আলম ক্ষতিগ্রস্ত ২ পরিবারকে ২টি গাভী প্রদান করেন। অনুভব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি স্বপন কুমার বেপারী বলেন, আমরা আজ ক্ষতিগ্রস্তদের মাঝে দেড় লক্ষাধিক টাকার প্রয়োজনীয় উপকরণ সামগ্রী বিতরণ করবো। উল্লেখ্য, চর আইচা গ্রামের কলেজ ছাত্র পারভেজ গাজীকে পরিকল্পিতভাবে জবাই করে হত্যা করা হয় গত ১৪ নভেম্বর। পরদিন গ্রামের নিরীহ হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা-ভাংচুর শেষে আগুন লাগিয়ে দেয়া হয়।