প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপিকে সংলাপে বসতে আবারও আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, আলোচনা মহাসচিব পর্যায় কিংবা উভয় দলের সিনিয়র নেতাদের মধ্যে হতে পারে। বিরোধী দলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেয়া দাওয়াত বহাল রয়েছে। তিনি যে কোন দিন আলোচনায় বসতে পারেন। গতকাল বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে অতিথিদের সঙ্গে কুশল বিনিময়কালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এ কথা বলেন প্রধানমন্ত্রী। গণতন্ত্র রক্ষায় সুষ্ঠু ও অবাধ নির্বাচনে অংশ নিতে বিএনপির প্রতি আহবান জানান তিনি। এর আগে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী সেনাকুঞ্জের অনুষ্ঠানস্থলে গতকাল বিকাল চারটা ১০ মিনিটে এসে উপস্থিত হন। জাতীয় সঙ্গীতের পর প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ হাসিনা বক্তৃতা দেন। এরপর তিনি অনুষ্ঠানে আগত মন্ত্রী পরিষদ সদস্য, সংসদ সদস্য, বিরোধী দলীয় নেতৃবৃন্দ, সশস্ত্রবাহিনীর সদস্য, তাদের পরিবারবর্গ এবং আমন্ত্রিত অন্য অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। ভিআইপি অতিথিদের জন্য নির্ধারিত স্থানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, বিরোধ দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেয়া দাওয়া বহাল রয়েছে। তিনি যে কোন দিন আসতে পারেন এবং আলোচনায় বসতে পারেন।
পরে মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়কালে কি আলোচনা হয়েছে জানতে চাইলে জাতীয় সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ সাংবাদিকদের কাছে একই বক্তব্য দেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে মির্জা ফখরুল তার প্রতিক্রিয়ায় বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় হয়েছে। তিনি সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। ফখরুল বলেন, প্রধানমন্ত্রী আলোচনায় ডাকলে আমরা (বিএনপি) সাড়া দেব।
মির্জা ফখরুল ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান লে. জেনারেল মাহবুবুর রহমান এবং ড. আর এ গনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মাহবুবুর রহমানের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দেন।
