নির্বাচনকালীন সরকারের পুনর্গঠিত মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ করা হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী, ২১ জন পূর্ণ মন্ত্রী ও ৭ জন প্রতিমন্ত্রীর নাম উল্লেখ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ গেজেট প্রকাশ করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব পালন করবেন। মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ এবং সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়াকে। এদিকে ১৬ মন্ত্রী ও ১৪ প্রতিমন্ত্রীর পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে।
আমির হোসেন আমু ভূমি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তোফায়েল আহমেদ হয়েছেন শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী। এছাড়া আবুল মাল আব্দুল মুহিত অর্থ মন্ত্রণালয়, বেগম মতিয়া চৌধুরী কৃষি এবং মত্স্য ও প্রাণিসম্পদ, আব্দুল লতিফ সিদ্দিকী বস্ত্র ও পাট এবং এবং বিজ্ঞান ও প্রযুক্তি, এয়ার ভাইস মার্শাল (অব.) একে খন্দকার পরিকল্পনা, সৈয়দ আশরাফুল ইসলাম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, রাশেদ খান মেনন ডাক ও টেলিযোগাযোগ, রওশন এরশাদ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান, ওবায়দুল কাদের যোগাযোগ, রমেশ চন্দ্র সেন খাদ্য, জিএম কাদের বাণিজ্য, হাসানুল হক ইনু তথ্য এবং সংস্কৃতি, এবিএম রুহুল আমিন হাওলাদার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ পানি সম্পদ, নূরুল ইসলাম নাহিদ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা, শাহজাহান খান নৌ-পরিবহন ও মুক্তিযুদ্ধ, হাছান মাহমুদ পরিবেশ ও বন, আবুল হাসান মাহমুদ আলী পররাষ্ট্র, মুজিবুল হক রেলপথ এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।
এছাড়া মো. মুজিবুল হক (চুন্নু) যুব ও ক্রীড়া, দীপংকর তালুকদার পার্বত্য চট্টগ্রাম, কামরুল ইসলাম আইন, বিচার ও সংসদ, বেগম মন্নুজান সুফিয়ান শ্রম ও কর্মসংস্থান, প্রমোদ মানকিন সমাজকল্যাণ, শামসুল হক টুকু স্বরাষ্ট্র, বেগম সালমা ইসলাম মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
যে সকল মন্ত্রণালয় কোন মন্ত্রী বা প্রতিমন্ত্রীর অধীনে ন্যস্ত করা হয়নি, সেগুলো পুনরাদেশ না দেয়া পর্যন্ত রুলস অব বিজনেস ১৯৯৬ এর রুল ৩(আইভি) অনুযায়ী সরাসরি প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবে।
রাষ্ট্রপতি কর্তৃক পদত্যাগপত্র গৃহীত ১৬ মন্ত্রী ও ১৪ প্রতিমন্ত্রীরা হলেন, ব্যারিস্টার শফিক আহমেদ, রাজিউদ্দিন আহমেদ রাজু, সাহারা খাতুন, সুরঞ্জিত সেনগুপ্ত, ড. মহিউদ্দিন খান আলমগীর, মো. রেজাউল করিম হীরা, আবুল কালাম আজাদ, এনামুল হক মোস্তফা শহীদ, দিলীপ বড়ুয়া, মুহাম্মদ ফারুক খান, ড. মো. আব্দুর রাজ্জাক, ডা. মো. আফসারুল আমিন, ডা. আ ফ ম রুহুল হক, ডা. দীপু মনি, আব্দুল লতিফ বিশ্বাস, মোস্তফা ফারুক মোহাম্মদ, মোস্তাফিজুর রহমান, ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, ইয়াফেস ওসমান, আহাদ আলী সরকার, মো. শাহজাহান মিয়া, আব্দুল মান্নান খান, জাহাঙ্গীর কবির নানক, মো. মোতাহার হোসেন, মোহাম্মদ এনামুল হক, মজিবুর রহমান ফকির, ওমর ফারুক চৌধুরী, মো. মাহবুবুর রহমান, মো. আব্দুল হাই, মেহের আফরোজ।
