জামায়াত নেতা আমিনুল ইসলামের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার না করা হলে হরতালসহ কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন চট্টগ্রামের জামায়াত নেতারা। এজন্য তারা আগামীকাল শনিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। এছাড়া আমিনুল হত্যার প্রতিবাদে আজ শুক্রবার দোয়া দিবস ও আগামীকাল শনিবার বিক্ষোভ দিবস পালন করার ঘোষণা দেয়া হয়েছে জামায়াতের পক্ষ থেকে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের বাড়বকুণ্ড ঈদগাঁ ময়দানে আমিনুলের জানাজা-পূর্ব সমাবেশে এ ঘোষণা দেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর শামসুল ইসলাম এমপি।
জানাজার পর আমিনুলকে মান্দারটোলা নূর মোহাম্মদ সুফি জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, বাড়বকুণ্ড জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ আমিনুল ইসলাম গত রবিবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে অপহূত হন। গত বুধবার দুপুরে সীতাকুণ্ডের পন্থিছিলা এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
আমিনুল হত্যার প্রতিবাদে চট্টগ্রামের মিরেরসরাই, হাটহাজারী, ফটিকছড়ি, রাঙ্গুনিয়াসহ বিভিন্ন থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত।
