ময়মনসিংহ-৯ আসন

সালামের এমপি পদ অবৈধ ঘোষণা

আপডেট : ২১ নভেম্বর ২০১৩, ২৩:৩৫
ময়মনসিংহ-৯ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের এমপি পদ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই রায় দেন। ২০০৮ সালের ৪ ডিসেম্বর ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তা ঋণ খেলাপির অভিযোগে আব্দুস সালামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এই বাতিল আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন তিনি। এই আবেদনও খারিজ করে দেয় কমিশন। ওই খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করলে আদালত আব্দুস সালামের মনোনয়নপত্র গ্রহণের জন্য রিটার্নিং কর্মকর্তা ও ইসিকে নির্দেশ দেয়। এ আদেশের পর আব্দুস সালাম আওয়ামী লীগের প্রার্থী হিসাবে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীকালে স্থানীয় ছাত্রলীগ নেতা জামালউদ্দিন আব্দুস সালামের এমপি পদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।