তারুণ্য এবং আইসক্রিম এটা যেন এক বাঁধনে বাঁধা, এরা যেন একজনকে ছাড়া একজন অচল! তা না হলে শহরের আইসক্রিম পার্লারগুলো কেন তরুণ-তরুণীদের ভিড়ে মুখরিত! নানা ধাঁচের আইসক্রিমের স্বাদ পেতে হরহামেশাই তারা বেরিয়ে পড়ে দলবেঁধে। বন্ধুদের আড্ডা কিংবা পরিবারের মানুষদের সাথে একান্ত সময় কাটানোর মুহূর্তে আইসক্রিমের জুড়ি নেই। তাই এবার জানাব আন্তর্জাতিকমানের অনেক রকম আইসক্রিম নিয়ে সাজানো এমনই একটি প্রতিষ্ঠান ক্রিম অ্যান্ড ফাজ সম্পর্কে।
ধানমন্ডি আবাহনী মাঠের ঠিক পাশেই সাত মসজিদ রোডের কোণঘেঁষে গড়ে ওঠা এই আইসক্রিমের আউটলেটে ঢুকলেই ক্রিমি একটা আবহ পাওয়া যায়। পুরো ইন্টেরিয়রে রয়েছে চকোলেট আর ক্রিম রঙের সমন্বয়। ১১০০ স্কয়ার ফিটের সুপরিসর এই জায়গাতে আসন ব্যবস্থা রাখা হয়েছে পঞ্চাশ জন মানুষের জন্য। আইসক্রিমের পাশাপাশি এখানে রয়েছে স্যান্ডউইচ, বিভিন্ন স্বাদের বেভারেজ আইটেম। সবচেয়ে মজার বিষয় ছবিতে শুধুই সুন্দর সুন্দর মিক্সিং নয়, এখানে কেউ চাইলেই দেখে নিজের পছন্দ মতো একটা মিক্সিং যোগ করে নিতে পারেন। তাও সম্পূর্ণ বিনে পয়সাতে। এ আইসক্রিমগুলো কিন্তু সবই শুরু হয়েছে দেড়শ টাকা থেকে। চাইলে আপনি মচমচে ওয়েফার বোলে করে পেতে পারেন আইসক্রিমটি। যদিও সেটার জন্য আরও পঞ্চাশ টাকা গুনতে হবে। এখানে সর্বোচ্চ ৩৯৫ টাকা দামের আইসক্রিম রয়েছে। বেভারেজ আইটেমগুলোর দাম পড়বে ৯০ থেকে ১৬৫ টাকা। আর চা, কফি ভিন্ন স্বাদে পাবেন এখানে। এর সবই কিন্তু আপনার সামনেই তৈরি করে দেওয়া হবে। ঢাকার বনানী এগার নম্বর সড়কে আর ধানমন্ডি সাত মসজিদ রোডেই এখন আউটলেট রয়েছে ক্রিম অ্যান্ড ফাজের। আমাদের জন্য গর্বের বিষয়, সারা বিশ্বের সাতটি দেশে ক্রিম অ্যান্ড ফাজের যতগুলো আউটলেট আছে তার মধ্যে বনানীর আউটলেটটিই সবচেয়ে বড়। আইসক্রিম দিয়ে শুরু করলেও ধীরে ধীরে তারা অনেক রকমের খাবারই উপভোগ করতে দিচ্ছেন ভোক্তাদের। তাই আজই ঘুরে আসতে পারেন আইসক্রিমের এই দুনিয়া থেকে।
