প্রবল সমালোচনার মুখে ভারতের জনপ্রিয় সাপ্তাহিক ম্যাগাজিন তেহলকার প্রধান সম্পাদক তরুণ তেজপালের বিরুদ্ধে এক নারী সহকর্মীর আনা যৌন নিগ্রহের অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। বিলম্বে হলেও তেহলকা এই অভিযোগের ব্যাপারে তদন্তের জন্য কমিটি গঠন করল বলে এনডিটিভি জানিয়েছে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা সম্পাদক সোমা চৌধুরী জানান, তেজপালের বিরুদ্ধে এক নারী সাংবাদিকের যৌন হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রখ্যাত নারী অধিকারকর্মী ও লেখক উর্বশি বাটালিয়াকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। তিনি আরো জানান, দুই সপ্তাহ আগে গোয়ার এক হোটেলে তেহলকার একটি অনুষ্ঠান আয়োজন উপলক্ষে প্রতিষ্ঠানটির একটি দল সেখানে দুইদিন অবস্থান করে। ওই দুইদিন তেজপাল ওই নারী সাংবাদিককে যৌন হয়রানি করার যে অভিযোগ উঠেছে, এই কমিটি তা তদন্ত করবে। এরআগে সোমা চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, তিনি (তেজপাল) তার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। আর এটা তিনি করেছেন স্বেচ্ছায়, ওই নারী সাংবাদিকের এমন কোনো দাবি ছিল না। আর এরপরও আপনারা যদি ওই নারী সাংবাদিকের চেয়ে বেশি ব্যথিত বোধ করেন তবে এর উত্তর আমার কাছে নেই।
সোমা চৌধুরীর এই বক্তব্যে ভারতের গণমাধ্যমে প্রবল সমালোচনার সৃষ্টি হয়। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের ন্যাশনাল কমিটি ফর উইমেন জানিয়েছে, এটা তেজপালের সিদ্ধান্ত নেয়ার বিষয় নয় যে তার কীভাবে শাস্তি নেয়া উচিত। গোয়ার পুলিশ ইতিমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ওই নারী সংবাদকর্মীর অভিযোগ সম্পর্কে ম্যাগাজিনটিকে বক্তব্য তলব করেছে। এরআগে তেহলকার প্রধান সম্পাদকের পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণা দেন তেজপাল। এ প্রসঙ্গে তার বক্তব্য, ‘এই দুঃখজনক ঘটনার প্রতিকারের জন্য’ তিনি স্বেচ্ছায় সরে যাচ্ছেন।
