বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও পরিবহন শ্রমিক নেতা এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে এবার লাগাতার পরিবহন ধর্মঘটের কথা চিন্তা করছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। আগামী সোমবার সংগঠনের কেন্দ ীয় স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী ইত্তেফাককে বলেন, সোমবারের মধ্যে শিমুল বিশ্বাসকে মুক্তি দেয়া না হলে টানা ধর্মঘটে যাওয়া ছাড়া আমাদের সামনে আর কোন উপায় থাকবে না। এক্ষেত্রে রাজনৈতিক দলের কর্মসূচির বিষয়টি বিবেচনায় রাখা হবে। রাজনৈতিক দলের কোন হরতাল থাকলে একই সময়ে আমরা কর্মসূচি দেব না। হরতাল শেষ হওয়ার পর শুরু হবে আমাদের ধর্মঘট।
প্রসঙ্গত, শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে সড়ক পরিবহন শ্রমিক ফেডারশনের আহবানে ইতিমধ্যে গত বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে ২৪ ঘন্টার পরিবহন ধর্মঘট পালিত হয়। এছাড়া পৃথকভাবে পাবনা জেলায় পালন করা হয় হরতাল।
