কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বর্তমানে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা-৪৮১ জন। এর মধ্যে ৩৬ জন শহীদ মুক্তিযোদ্ধা। এই ৩৬ জন বীর শহীদ মুক্তিযোদ্ধার নামসহ মিরপুর উপজেলা পরিষদের আবাসিক এলাকায় মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হবার পর পরই গড়ে তোলা হয় শহীদ স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ নির্মাণের পর প্রতি বছরের ১৬ ডিসেম্বর এবং ২৬ মার্চ ওই স্মৃতিসৌধে গিয়ে উপজেলার সর্বস্তরের মানুষ ৩৬ শহীদ মুক্তিযোদ্ধাসহ মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে। অথচ অনেকেই জানেন না মিরপুর শহীদ স্মৃতিসৌধে নামাঙ্কিত ৩৬ বীর শহীদের মধ্যে ১৫নং সিরিয়ালের মীর আব্দুর রাজ্জাক’র পরিবারকে দেশ স্বাধীনের ৪২ বছরে সম্মানী ভাতা প্রদান করাতো দূরের কথা এখনো তাঁর নাম শহীদ মুক্তিযোদ্ধা হিসাবে গেজেটভুক্তই করা হয়নি। স্বামীর নাম শহীদ মুক্তিযোদ্ধার তালিকায় গেজেটভুক্ত করার জন্য স্ত্রী রাউফা খাতুন তার স্বামীর সহযোদ্ধা ছাড়াও সংশ্লিষ্ট সরকারি- বেসরকারি অফিসে ধরনা দিয়েও কোন কাজ না হওয়ার এক পর্যায়ে ১৯৮৯ সালে তিনিও মারা যান।
