বিশ্বব্যাপী সাংবাদিক হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আপডেট : ২৩ নভেম্বর ২০১৩, ২১:৪১
বিশ্বব্যাপী গণমাধ্যম কর্মীদের নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে শনিবার কর্মসূচি পালন করে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনসমূহ সাংবাদিকদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ‘আন্তর্জাতিক দায়মুক্তির বিরুদ্ধে দিবস’টি উদযাপন করে। মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিক নেতৃবৃন্দ, সংবাদকর্মী ও নাগরিক সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (অপর অংশ)-এর সভাপতি রুহুল আমীন গাজী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম সবুজ ও রহমান মুস্তাফিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সভাপতি ওমর ফারুক এবং ডিইউজের অপর অংশের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান। উন্নয়ন গবেষণা ও মানবাধিকার সংগঠন ভয়েস, মিডিয়া ওয়াচ, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম ও ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট’র (আইপিআই) যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।