নির্বাচন বর্জন করলে নিজ দলেই অচল হয়ে যাবেন

আপডেট : ২৩ নভেম্বর ২০১৩, ২৩:০৪
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে বলেছেন, নির্বাচন বর্জন করলে আপনি নিজেই নিজের দলের মধ্যে অচল হয়ে যাবেন। দেশ অচল করার শক্তি, সামর্থ্য ও সুযোগ কোনটাই পাবেন না। সংঘাত ও সন্ত্রাসের পথ পরিহার করে নির্বাচনে অংশ নেয়ার জন্য তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানান। গতকাল শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত ‘সর্বদলীয় সরকারের যাত্রা শুরু, বিরোধী দলের হিংসাত্মক রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান। তাদের ভয়-হুমকি দেখিয়ে কোন লাভ নেই। সংবিধান মেনে যথা সময়েই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন প্রতিহত করার ঘোষণা রাষ্ট্র বিরোধী, গণতন্ত্র ও সংবিধান বিরোধী। সুরঞ্জিত বলেন, নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। কেউ এটাকে সর্বদলীয়, কেউ বহুদলীয় সরকার বলছেন। তবে যে যাই বলুক না কেন এই সরকারের কাজ হবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেয়া। ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সাম্যবাদী দলের নেতা হারুণ চৌধুরী, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়, নৌকা সমর্থক গোষ্ঠীর সভাপতি হুমায়ুন কবির মিজি, সহ-সভাপতি রেজাউল করিম রেজা প্রমুখ।