চট্টগ্রামে জামায়াত ইসলামী আজ রবিবার চট্টগ্রাম জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। সীতাকুণ্ড ও মিরসরাইতে জামায়াত কর্মী আমিনুল ইসলাম এবং হাফেজ জসিম উদ্দীনের হত্যাকাণ্ডের প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতার দাবিতে এই হরতাল আহবান করে তারা। শনিবার মহানগর জামায়াতের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিএসসি) আজকের হরতালে আওতামুক্ত থাকবে।
হরতালের সমর্থনে গতকাল নগরীর বিভিন্ন স্থানে জামায়াত-শিবির ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ ঘটায়। নগরীর মোমিন রোড এলাকায় সন্ধ্যায় জামায়াত- শিবিরের কর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করে এবং ৩/৪টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।
সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর কাজীর দেউরী মোড় এলাকা থেকে জামায়াত শিবিরের একদল কর্মী হঠাত্ ঝটিকা মিছিল বের করে নগর বিএনপির কার্যালয় অতিক্রম করার পর ৪/৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। রাস্তায় টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। পুলিশ আসার আগেই তারা বিভিন্ন গলিতে ঢুকে পড়ে। পুলিশ সন্দেহজনক হিসেবে ৯ জনকে আটক করে।
মিরসরাইয়ে জামায়াত কর্মীকে হত্যা
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের মিরসরাইয়ে হাফেজ জসীম উদ্দিন (২৯) নামে এক জামায়াত কর্মীকে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাত সাড়ে ১২টায় উপজেলার ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নের ডোমখালী সমিতির বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিবাদে সাহেরখালী এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। উপজেলা জামায়াতের আমির নুরুল করিম জানান, শুক্রবার রাত নয়টার দিকে জসিম বগাচতর এলাকা থেকে ডোমখালী তার বাড়ি আসছিল। সমিতি বাজারের পাশে ব্রিজ পার হওয়ার সময় আগে থেকে ওঁত্ পেতে থাকা সন্ত্রাসীরা তার গতিরোধ করে কুপিয়ে মারাত্মক জখম করে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) নেয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে পথে তিনি মারা যান।
