পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন পাক-ভারত সীমান্তে মাঝে মাঝে গুলিবর্ষণ হলেই দুই দেশের সম্পর্ক নষ্ট হবে না। তিনি বলেন, দিল্লি এবং ইসলামাবাদ উভয় পক্ষই সুন্দর সম্পর্ক গড়ার পক্ষপাতি। কিন্তু মাঝে মাঝে অনিচ্ছাকৃত কিছু দুঃখজনক ঘটনা এড়ানো কঠিন হয়ে পড়ে।
গতকাল ইসলামাবাদে একটি কনফারেন্সে ভাষণ দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। নওয়াজ বলেন, প্রতিবেশি দেশের সাথে আমাদের সুন্দর সম্পর্ক আছে। আমরা সেই সম্পর্ককে আরো গভীরে নিয়ে যেতে চাই। আমাদের মধ্যে কিছু সমস্যা আছে, কিন্তু কুটনীতির মাধ্যমেই তার সমাধান করব আমরা। তিনি ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীরও প্রশংসা করে তাকে ‘সুবিবেচক নেতা’ বলে অভিহিত করেন। ভারতে আসন্ন নির্বাচন সম্পর্কে বলেন, ভারতের রাজনীতিতে পাকিস্তান বিরোধীতা প্রখর। নির্বাচনে প্রার্থীরা পাকিস্তানকে তুলোধুনো করে থাকেন। অথচ পাকিস্তানের নির্বাচনের সময় আমরা ভারত নিয়ে কিছু বলি না। নওয়াজ আশা প্রকাশ করেন, এই মানসিকতার অবসান হবে। তিনি বলেন, ভারত যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরীর ক্ষেত্রে এক পা এগোয়, তবে পাকিস্তান দুই পা এগোবে।
