নান্দাইলে নিখোঁজ ছাত্রের লাশ গফরগাঁওয়ে উদ্ধার

আপডেট : ২৪ নভেম্বর ২০১৩, ১৯:৫৫
নিখোঁজ হওয়ার একদিন পর গত শনিবার ময়মনসিংহের নান্দাইল উপজেলার মাদারীনগর গ্রামের স্কুলছাত্র ইমরান হোসেনের (১১) গলাকাটা লাশ গফরগাঁও থেকে উদ্ধার করেছে পুলিশ। ওই গ্রামের স’মিল শ্রমিক আমানুল্লাহ পুত্র ইমরান স্থানীয় আমোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। গতকাল রবিবার দুপুরে তার লাশ দাফন করা হয়। এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, গত শুক্রবার বিকালে সুপারি বিক্রি করতে ছোট ভাই রায়হানকে (৭) সাথে নিয়ে পাঁচরুখী বাজারে যায় ইমরান। সুপারি বিক্রির টাকা দিয়ে কিছু মালামাল কিনে ছোট ভাইকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলেও ইমরান আর বাড়িতে ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও ইমরানের কোন হদিস পাওয়া যায়নি। পরদিন শনিবার ওই বাজার থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে গফরগাঁও উপজেলার শালটিয়া গ্রামের একটি ক্ষেতে এক শিশুর লাশ পড়ে থাকতে দেখে লোকজন। খবর পেয়ে ইমরানের পরিবারের লোক লাশটি ইমরানের বলে শনাক্ত করেন। পরে গফরগাঁও থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।