সময়ের ধারাবাহিকতায় ইদানীং যেন কাগজের পত্রিকার চাইতেও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে বিভিন্ন পত্রিকার অনলাইন সংস্করণ বা অনলাইন নিউজ সাইটগুলো। আর এমনই এক অনলাইন সাইটে সংবাদের নিচের অংশে একটি মন্তব্য করে যার পর নাই বিপাকে পড়েছেন যুক্তরাজ্যের এক ব্যক্তি। কিছুদিন আগে ডেইলি মেইলের মেইল অনলাইনে অভিনেতা ও মডেল কেলি ব্রুকের একটি ফিচারের ওপর করা তার এই মন্তব্যের কারণে ইতোমধ্যেই ঘর ছাড়া হতে হয়েছে তাকে। মূলত কেলিকে নিয়ে করা একটি অনলাইন ফিচারে তার মোহনীয় ছবি দেখে অনেকটা হিতাহিত জ্ঞানশূন্য হয়েই ওই ব্যক্তি লিখেছিলেন যে কেলি এতটাই সুন্দর যে তার সাথে থাকার জন্য তিনি নিজের স্ত্রী এবং সন্তানকেও ত্যাগ করতে রাজি আছেন। কিন্তু তার এই মন্তব্যটি অনলাইনে প্রকাশিত হওয়ার পর থেকেই বিরূপ সমালোচনার মুখে পড়ে। অনেক পাঠকই তার এই মন্তব্যটির রূঢ় সমালোচনা করার পাশাপাশি মন্তব্যটিতে নেতিবাচক রেটিং দেন। কিন্তু বিপত্তির চূড়ান্ত হয় যখন ওই ব্যক্তির মন্তব্যটি খোদ তার স্ত্রী’রও নজরে পড়ে। মন্তব্যের সাথে ফেসবুকের সংযোগ রাখা একটি অ্যাপ্লিকেশনের কারণে বিষয়টি দেখার পর তার স্ত্রী একই সংবাদের মন্তব্য অংশে লেখেন, ‘আমার ইডিয়ট স্বামী এটা ভুলেই গেছে যে তার মন্তব্যগুলো তার ফেসবুক অ্যাকাউন্টের সাথে লিংক করা। তুমি তোমার সন্তানদের সঙ্গ পাওয়ার যোগ্যতা রাখ না। আমি আশা করি তোমার ভাইয়ের বাসার সোফায় তোমার জন্য কিছুটা জায়গা খালি আছে কেননা আমি এরই মাঝে বাসার তালা পাল্টেছি।’
