‘আঁধার ঘরে চাঁদের আলো’ শিরোনামে ইত্তেফাকে প্রকাশিত খবরে দরিদ্র ঘরের মেধাবী ছাত্র স্বপন কুমার রায় ও মাহবুব আলমের স্বপ্ন পূরণ হতে চলেছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার সব বিষয়ে জিপিএ-৫ অর্জনকারী এ দুই মেধাবী ছাত্র বর্তমানে ঢাকা ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজে পড়াশুনা করছেন। ওই দুই মেধাবীর দরিদ্র পিতা-মাতার ঘর সত্যিই চাঁদের আলোয় আলোকিত হয়ে উঠেছে। কুমিল্লা বিসিক শিল্প এলাকায় প্রতিষ্ঠিত স্কাইল্যাব ফার্মাসিউটিক্যালস্ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক এবং মতিঝিল রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ফরহাদ জামান শাহীন জানান, তিনি ঢাকা মেডিক্যাল কলেজের ছাত্র স্বপন কুমার রায়ের পড়ালেখা করার জন্য প্রতিমাসে ৫ হাজার টাকা করে ৫ বছর দিয়ে যাবেন। একই ক্লাবের সাবেক প্রেসিডেন্ট মসিহ্ মালিক চৌধুরী অপর মেধাবী ময়মনসিংহ মেডিক্যাল কলেজে ভর্তি হওয়া মাহবুব আলমকে অনুরূপভাবে ৫ হাজার টাকা করে ৫ বছর দিয়ে যাবেন। ১৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এ সংক্রান্ত চিঠি তুলে দেন মতিঝিল রোটারী ক্লাবের প্রেসিডেন্ট মনোরঞ্জন ভক্ত, সাবেক প্রেসিডেন্ট ফরহাদ জামান শাহীন ও মসিহ্ মালিক চৌধুরী।
