সন্দ্বীপে এমপির বাড়িতে হামলা, ২২ জন গুলিবিদ্ধ

আপডেট : ২৪ নভেম্বর ২০১৩, ২২:২৮
চট্টগ্রামের সন্দ্বীপে বিএনপি দলীয় সংসদ সদস্য মোস্তফা কামাল পাশার বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টায় এ হামলার ঘটনায় এমপির বড় ছেলে ইকবাল পাশা জাবেদসহ ২২ জন গুলিবিদ্ধ হয়েছেন। সন্ত্রাসীরা এমপির বাড়ির কাচারি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া ছাড়াও ঘরের আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে। জাবেদকে সংকটাপন্ন অবস্থায় গতকাল রাতে চমেক হাসপাতালে এবং অন্যদেরকে উপজেলা স্বাস্থ্য কেন্দে ভর্তি করা হয়। জাবেদের বুকে গুলি লেগেছে বলে জানা গেছে। ঘটনার পর উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভাড়াটিয়া জলদস্যুদের সহায়তায় সন্ত্রাসীরা এ হামলা করেছে বলে মোস্তফা কামাল পাশা এমপি অভিযোগ করেন। তিনি আরো বলেন, হামলার পর সন্ত্রাসীরা পুলিশের সামনে দিয়ে বের হয়ে গেলেও পুলিশ কাউকে আটক করেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে দুর্বৃত্তরা যুবলীগ কর্মী আকবর হোসেনকে কুপিয়ে আহত করে। এর জের ধরে গভীর রাতে সন্দ্বীপ উপজেলা সদরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে গুলিবিনিময় হয়। গতকাল রবিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় আওয়ামী লীগ উপজেলা কমপে¬ক্সে এবং বিএনপি তালতলী বাজারের দিকে অবস্থান নিয়ে পরস্পরকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এক পর্যায়ে আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসীরা তালতলী এলাকায় বিএনপি সমর্থকদের বাড়িঘরে হামলা করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার জের ধরে বিকাল সাড়ে ৪টার দিকে রহমতপুর ইউনিয়নের তালতলী বাজার এলাকায় মোস্তফা কামাল পাশা এমপির বাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা। জানা যায়, উড়িরচর এলাকার কুখ্যাত জলদস্যু জাসুর নেতৃত্বে আওয়ামী লীগের অর্ধশতাধিক লোক এ হামলায় অংশ নেয়। হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে এলোপাথাড়ি গুলি বর্ষণ করে। এতে এমপির ছেলে ইকবাল পাশা জাবেদসহ অন্তত ২২জন গুলিবিদ্ধ হন। হামলার এক পর্যায়ে সন্ত্রাসীরা বাড়ির কাচারি ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। তারা বাড়ির আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে।