২৪ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবে হেফাজত

আপডেট : ২৪ নভেম্বর ২০১৩, ২২:২৯
আগামী ২৪ ডিসেম্বর ঢাকার শাপলা চত্বরে আবারো মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। গতকাল রবিবার চট্টগ্রামের হাটহাজারীতে সংগঠনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী। আল্ল¬ামা শাহ আহমদ শফীর ব্যঙ্গচিত্র প্রকাশ করে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির ইন্ধনদাতাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, নাস্তিক ব্ল¬গারদের অপতত্পরতা কঠোর হাতে দমন, সংবিধানে মহান আল্ল¬াহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন, মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটুক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন পাসসহ ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই সমাবেশ করা হবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। সংগঠনের ঘোষিত অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে: ২৯ নভেম্বর দেশের সকল জেলা-উপজেলায় বিক্ষোভ-সমাবেশ ও মিছিল। ২৪ ডিসেম্বরের পূর্বে বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে মহাসমাবেশ। এছাড়া ২৮ নভেম্বর চাঁদপুর, ৩০ নভেম্বর টাঙ্গাইল, ৯ ডিসেম্বর দিনাজপুর ও ২০ ডিসেম্বর ফেনী জেলায় ‘শানে রেসালত’ সম্মেলন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের নায়েবে আমীর মুহাদ্দিস আল্লামা হাফেজ মুহাম্মদ শামসুল আলম, আল্লামা হাফেজ তাজুল ইসলাম, মাওলানা আনাস মাদানী, মাওলানা মুঈনুদ্দীন রুহী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মুনির আহমদ প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, আমরা সরকারের প্রতিপক্ষ নই। কোনো রাজনৈতিক অভিলাষও আমাদের নেই। কিন্তু সরকারি দলের কিছু নেতা ও সরকারের কয়েকজন প্রভাবশালী মন্ত্রী হেফাজতে ইসলামের রাজনৈতিক চরিত্র আবিষ্কারের চেষ্টায় মরিয়া হয়ে উঠেছেন। জনতার প্রাণের দাবি ১৩ দফা সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর পাশাপাশি প্রতিনিয়ত নানাভাবে মিথ্যা ও ভিত্তিহীন কথাবার্তা বলে সরকার আমাদেরকে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য করছে; যা কারো কাম্য নয়।