স্পোর্টস ডেস্ক
বিরাট কোহলির মতে এবারের বিশ্বকাপটি হবে সবচেয়ে কঠিন। গতকাল মঙ্গলবার মুম্বাই থেকে ইংল্যান্ড রওয়ানা হওয়ার আগে এমনটা বলেন তিনি।
ইংল্যান্ড ও ওয়েলশে ৩০ মে শুরু হবে ৫০ ওভারের এই বিশ্বকাপ। তৃতীয়বারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাওয়া কোহলি সংবাদ সম্মেলনে কোচ রবি শাস্ত্রিকে নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন। এর আগে দুবার ক্রিকেট বিশ্বকাপে অংশ নিলেও ভারতকে নেতৃত্ব দিচ্ছেন এই প্রথম।
কোহলি বলেন, ‘এটা হলো সবচাইতে কঠিন বিশ্বকাপ। যে কোনো দল যে কাউকে ধরে দিতে পারে। দলগুলোকে তাই দ্রুত খাপ খাইয়ে নিতে হবে।’ অপরদিকে কোচ শাস্ত্রি বলেন, ‘আমরা যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, তাহলে বিশ্বকাপ আসবে এখানে।’
রবি শাস্ত্রি বলেন, ‘পিচগুলো হয়তো ব্যাটিং বান্ধব হবে। আবহাওয়াও ইংল্যান্ডে প্রভাব ফেলবে। আপনি যদি লন্ডনে যান, সেখানে এটা ঘটবে। আপনাকে পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর ব্যাপারে প্রস্তুত থাকতে হবে।’
ভারতীয় দল সম্পর্কে তিনি বলেন, ‘এটা অভিজ্ঞ একটা ইউনিট। আমরা ভালোভাবেই প্রস্তুত। প্রত্যেকেই প্রত্যেকের কাজে আসছে।’
কোহলিকেই ভারতের সম্ভাব্য সাফল্যের ক্ষেত্রে বড় নিয়ামক বলে ভাবা হচ্ছে। এ মুহূর্তে ক্রিকেট বিশ্বে তিনিই হলেন সেরা ব্যাটসম্যান। আশা করা হচ্ছে এই প্রতিযোগিতায় তিনি ওয়ানডেতে ১১ হাজার রানের ফলক ছাড়িয়ে যাবেন। এমনকি তার সংগ্রহে থাকা ৪১টি সেঞ্চুরির সাথেও যোগ হতে পারে আরো কয়েকটি।
এ প্রসঙ্গে অধিনায়ক কোহলি বলেন, ‘এটা কঠিন হতে যাচ্ছে। তবে ভালো দিক হলো খেলাগুলোর মধ্যে সময় পাওয়ার বিষয়টি। খেলোয়াড়রা পুনরাও সংঘবদ্ধ হওয়ার সময় পাবে। বিশ্বকাপে আমরা কোনো একটি দলের কথা ভাবতে পারি না। আমাদেরকে পুরো টুর্নামেন্টজুড়েই নিবিড়ভাবে খেলে যেতে হবে। বিশ্বকাপের জন্য আমাদের নিজেদের সেরা সামর্থ্যে প্রস্তুত হতে হবে। কোনো একটি দলকে নিয়ে ভাবলে চলবে না।’
ভারতের দুর্ধর্ষ বোলিং আক্রমণে অন্যান্যদের মধ্যে আছেন জসপ্রিত বুমরা, ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ সামি। এরা ভালোভাবেই প্রস্তুত এবং সাম্প্রতিক বছরগুলোয় তারা অন্যতম ভয়ংকর। তবে কোহলি ও শাস্ত্রিকে ঠিক করতে হবে এদের সাথে কুলদিপ যাদব কিংবা যুজভেন্দ্র চাহালকে নিয়ে অতিরিক্ত অলরাউন্ডার ব্যবহার করবেন, না একজনকে খেলাবেন।
আগামী ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার মধ্য দিয়ে শুরু হবে ভারতের বিশ্বকাপ অভিযান। তার আগে কোহলির দল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এর একটিতে ২৫ মে নিউজিল্যান্ড ও তার আগে ২৮ মে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।
