বর্তমান যুগে শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক শাস্তি দান নিষিদ্ধই বলা যায়। কিন্তু তারপরও যদি কোনো শিক্ষার্থী গুরুতর অন্যায় করে তাহলে তাকে শাস্তি দিতে পারে শিক্ষক। সেই শাস্তির মাত্রা আছে। কিন্তু তিন বছরের একজন শিক্ষার্থীকে তিন দিন ধরে একটি কক্ষে আটকে রাখা যায়!
ভারতের হায়দরাবাদের শারুরনগরের একটি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে এই নির্মম শাস্তির ঘটনা ঘটেছে। লিটল জেমস নামের বিদ্যালয়ের অধ্যক্ষের সঙ্গে ছাত্রটির অভিভাবকের দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটেছে। ছাত্রটির মা প্রীতি জানিয়েছেন, কয়েকদিন আগে তারা তাদের সন্তানকে অন্যত্র বদলি করার জন্য অধ্যক্ষের কাছে আর্জি জানিয়েছিলেন। এ নিয়ে অধ্যক্ষের সঙ্গে তাদের মনোমালিন্য হয়। তিন দিন পর তারা আবার বিদ্যালয়ে যান এবং ছেলেকে ক্লাসে না দেখে শিক্ষকদের জিজ্ঞাসা করেন। শিক্ষকদের দেওয়া তথ্যমতে তারা দেখেন একটি কক্ষে তার ছেলেকে আটকে রাখা হয়েছে। শিক্ষকরা জানান, গত দুই দিন ধরে এভাবে আটকে রাখা হচ্ছে তাকে। ছেলেটি মানসিকভাবে ভেঙ্গে পড়েছে বলে তার মা জানিয়েছেন। থানার উপ শিক্ষা অফিসার সি রোহিনী জানিয়েছেন, অভিযোগ পেয়েছি। সত্য হলে বিদ্যালয়ের লাইসেন্স বাতিল করা হতে পারে। -টিএনএন
