ওপেন কিচেন নিয়ে কত কথাই তো বলা হয়, সব রেস্টুরেন্টেই এক ধরনের আয়োজন। এবার বনানীর লাইভ কিচেন নিয়ে এল ভিন্ন এক আয়োজন—উন্মুক্ত কিচেন। আপনার সামনেই বসবে উনুন, গরম তেলে তৈরি হবে খাবার। একঝাঁক ছাতা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে পুরো ছাদ। এখানে বসে খাবার উপভোগের পাশাপাশি চোখ বুলাতে পারবেন আশপাশের মনোরম দৃশ্যে। এই ফুডজোন নিয়ে লিখেছেন সাজেদুল ইসলাম শুভ্র ও ছবি তুলেছেন দীপঙ্কর দীপু
প্রথমেই সাদা তিল ছড়ানো নরম রুটি। সুস্বাদু মাখনে ভাজা মাংসের গন্ধটা ইতোমধ্যে পুরো ঘ্রাণেন্দ্রিয়ই আবিষ্ট করে তুলবে। রুটির ভেতরে ঢুকতে ঢুকতে মনোযোগ আটকে যাবে ঠাণ্ডা, কচকচে সবুজ ভেষজ স্বাদে। এটা নিঃসন্দেহে ফ্রেশ একফালি ক্যাপসিকাম। তারপরের অংশটা নোনা। চিজ বলে কথা। এখান থেকেই গরম ভাপ টের পাওয়া যাবে। আর একটু সামনে বাড়তেই মাংসের স্বাদ। মাখনে ভাজা তুলতুলে নরম মাংসের প্যাটি। টাটকা গন্ধ, আর তাজা মাংসের স্বাদের গলি-ঘুপচিতে হারিয়ে যাবেন কিছুক্ষণ। এটা হলো লাইভ কিচেনের নতুন সংযোজন বিফ ডাবলডেকার বার্গার। এতে এক জোড়া মাংসের প্যাটি আর উপর্যুপরি চিজ ঢালা আছে। বিপদ হলো, এই বার্গার একবার খাওয়ার পরে আবার খেতে মন চাইবে। আর এখন তো বনানী-গুলশানে এরা বাসা-বাড়িতেও ডেলিভারি দিচ্ছে বার্গার।
লাইভ কিচেন, যেখানে খাবার রান্না হয় আপনার চোখের সামনেই। এই থিউরি পুরোনো। এখানে নতুন হলো, একেবারেই লাইভ স্টাইলে বার্গার তৈরি করা। কিমা তৈরি করে আপনার সামনেই মাংসের বড়া ভাজা হবে। আর ধোঁয়া উড়তে উড়তে আপনাকে বিমোহিত করে ছাড়বে লাইভ কিচেনের বার্গার। এখানে বার্গারের দাম শুরু হয়েছে ১৮০ টাকা থেকে। শেষ হয়েছে ৩০০-তে। বিফ ডাবলডেকার বার্গার খাওয়া যাবে ৩০০ টাকায় আর ২৫০ টাকার চিজ লাভার্স। এই দুটোর যেকোনো একটা বার্গার খেলে আপনি আটকা পড়ে যাবেন লাইভ কিচেনের বার্গার জালে।
বার্গার ছাড়াও এখানে খেতে পারবেন ফ্রাইড রাইস, বিফ/চিকেন কারি, নুডলস, এমন অনেককিছু। মাত্র ১৮০ টাকায় লাঞ্চ করতে পারবে যে কেউ, বললেন উদ্যোক্তাদের একজন সাদিকুল আরেফিন। ৪০০ বর্গফুট এলাকাজুড়ে তৈরি এই লাইভ কিচেনে খেতে পারবেন একসাথে ৫০ জন। জুন থেকে চালু হওয়া এই বার্গার শপে ইতোমধ্যে গাড়ি পার্কিং করতে লাইন দিতে হয়। আর বার্গার খেতে অপেক্ষা করতে হয় পাক্কা ২০ মিনিট। ছাতা ঝুলিয়ে তৈরি ছাদ, সামনে খোলা জায়গা। পথের পাশেই খাবার ঘর। আর সেখানেই তৈরি হচ্ছে মন ভালো করে দেওয়া বার্গার।
একদল দুরন্ত তরুণের উচ্চাভিলাষী প্রজেক্ট লাইভ কিচেন—এমনটা অনেকে শুরুতে মনে করলেও এখন তারাই লাইনে দাঁড়িয়ে বার্গার খাচ্ছেন লাইভ কিচেনের। বনানী ১১ নম্বরে অবস্থতি এই লাইভ কিচেন এখনও যাদের বাড়ির কাছ থেকে একটু দূরে তাদের জন্য বলছি, খুব শিগগিরই লাইভ কিচেন সারা ঢাকার বিভিন্ন জায়গাতে বার্গার বুথ বসাতে যাচ্ছে।
এ ক ন জ রে
কোথায় :রোড-১৩/এ, হাউস-৮৮,
ব্লক-ডি, বনানী, ঢাকা।
রিজার্ভেশন :বন্ধুরা মিলে ছোটখাটো একটা পার্টি এখানে হতেই পারে। আগে ভাগে জানিয়ে দিতে হবে আপনাকে অবশ্যই। সর্বোচ্চ পঞ্চাশ জনের অন্য প্রস্তুত তারা। যোগাযোগ :০১৭৮৪৮৮০৮৩৮
কখন যাবেন :সপ্তাহে সাতদিনই
খোলা, সকাল ১১টা থেকে রাত সাড়ে
১১টা পর্যন্ত।
